অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার, অ্যালকোহল সেবন এবং শরীরচর্চার অভাবে বর্তমানে লিভারের সমস্যা দ্রুত বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, লিভারে অতিরিক্ত চর্বি জমলে ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ে। পরে তা লিভার সিরোসিস বা লিভার ক্যানসারের মতো জটিল রোগের কারণও হতে পারে। তাই লিভার সুস্থ রাখতে সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি পর্যাপ্ত জল পান জরুরি।
লিভার ভালো রাখতে কোন কোন পানীয় উপকারী?
ডাবের জল ও চিয়া বীজের পানীয়: ডাবের জলে থাকা প্রাকৃতিক ইলেকট্রোলাইট শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে। অন্যদিকে, চিয়া বীজে রয়েছে আঁশ, যা হজমে সহায়ক। এক গ্লাস ডাবের জলে এক চামচ ভেজানো চিয়া বীজ মিশিয়ে, চাইলে কয়েকটি পুদিনা পাতা দিয়ে পান করা যেতে পারে।
কাঁচা হলুদ ও গোলমরিচের পানীয়: কাঁচা হলুদে থাকা কারকিউমিন প্রদাহনাশক ও অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান হিসেবে পরিচিত। এর সঙ্গে সামান্য গোলমরিচ মেশালে কারকিউমিন শোষণে সহায়তা করতে পারে। আধ চা-চামচ কাঁচা হলুদ বাটা ও এক চিমটি গোলমরিচ গুঁড়ো ঈষদুষ্ণ জলে মিশিয়ে পান করা যেতে পারে।
পুদিনা-শশার শরবত: শশায় রয়েছে প্রচুর জল, অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন ও খনিজ। পুদিনার সঙ্গে শশা ব্লেন্ড করে তৈরি শরবত বানিয়ে পান করতে পারেন। এটি শরীরকে সতেজ রাখে এবং হজমে সাহায্য করে।
