June 16, 2026
SIL 1

দুপুর বা রাতের খাবারে রোজ ভাত আর রুটি খেতে একঘেয়ে লাগলে বানিয়ে ফেলুন ‘রসুনপোড়া নুড্‌লস’। সাধারণ উপকরণ দিয়ে খুব কম সময়েই তৈরি হবে সুস্বাদু ও অন্য স্বাদের এই রান্না। এই রান্নার হালকা পোড়া রসুনের ধোঁয়াটে সুবাস সাধারণ নুড্‌লসকে অনন্য করে তোলে।  

কী কী লাগবে

নুড্‌লস ২০০ গ্রাম

রসুনের কোয়া ১০-১২টি

তেল ২ টেবিল চামচ

সয়া সস ১ টেবিল চামচ

চিলি ফ্লেক্স ১ চা চামচ

ভিনিগার ১ চা চামচ

স্বাদমতো নুন

স্বাদমতো গোলমরিচ

গার্নিশিংয়ের জন্য পেঁয়াজকলি

কীভাবে বানাবেন

নুডলস সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিন। রসুনের কোয়া ছোট ছোট করে কুচিয়ে নিন। এবার কড়াইয়ে তেল গরম করে কুচানো রসুন দিন। মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজুন, যতক্ষণ না রসুন সোনালি রঙ ধারণ করে হালকা বাদামি ও মুচমুচে হয়ে ওঠে। তবে লক্ষ্য রাখবেন, রসুন যেন পুড়ে না যায়। রসুন ঠিকমতো ভাজা হয়ে গেলে এতে সয়া সস, ভিনিগার, লবণ, চিলি ফ্লেক্স এবং গোলমরিচ যোগ করুন। সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিন। এরপর সেদ্ধ করা নুডলস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশিয়ে নেওয়ার পর উপরে কুচানো পেঁয়াজকলির পাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন ‘রসুনপোড়া নুড্‌লস’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *