May 22, 2026
image (7)

গত বুধবারের উত্তরপ্রদেশে ভয়াবহ ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে একাধিক জেলা। এই প্রাকৃতিক দুর্যোগে রাজ্যজুড়ে ৭০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর মিলেছে। তবে বরেলি জেলার একটি ঘটনা বিশেষভাবে আতঙ্ক ছড়িয়েছে। প্রবল ঝড়ে টিনের চাল আঁকড়ে ধরে থাকা এক ব্যক্তি হাওয়ায় উড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
আহত ব্যক্তির নাম নানহে মিয়াঁ। বরেলির একটি বিয়েবাড়িতে তিনি উপস্থিত ছিলেন। সেই সময় আচমকাই প্রবল ঝড় ও দমকা হাওয়া শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে তিনি একটি টিনের কাঠামো ধরে রাখার চেষ্টা করছিলেন। কিন্তু ঝড়ের তীব্রতায় মুহূর্তের মধ্যে টিনের চালটি উপড়ে যায় এবং নানহে মিয়াঁ সেটির সঙ্গে আকাশে উড়ে যান।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়েন। কিছু দূর পর্যন্ত টিনের চালের সঙ্গে ভেসে যাওয়ার পর তিনি একটি মাঠের মধ্যে ছিটকে পড়েন। দুর্ঘটনায় তাঁর দুই হাত ও দুই পায়ে গুরুতর চোট লাগে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, তাঁর হাত-পা ভেঙে গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে, উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টিতে ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের খুঁটি এবং কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *