উত্তর-পূর্ব ভারতের তরুণদের জন্য সামুদ্রিক শিক্ষা ও পরিষেবা সম্প্রসারণে নতুন উদ্যোগের ঘোষণা করেছেন বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। গুয়াহাটির কটন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৪৪তম মণিক চন্দ্র বড়ুয়া স্মারক জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, কটন বিশ্ববিদ্যালয় ও পাটনার ন্যাশনাল ইনল্যান্ড নেভিগেশন ইনস্টিটিউট (NINI) সামুদ্রিক শিক্ষা এবং শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ কর্মসূচিতে সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখবে। এর মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাগত ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সোনোয়াল আরও জানান, গুয়াহাটিতে ডিরেক্টরেট জেনারেল অব মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে একটি মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট (MMD) প্রতিষ্ঠা করা হবে, যেখানে নাবিকদের সার্টিফিকেশন ও নিরাপত্তাসংক্রান্ত পরিষেবা দেওয়া হবে। এর ফলে উত্তর-পূর্বাঞ্চলের প্রার্থীদের সার্টিফিকেশনের জন্য দূরবর্তী শহরে যাতায়াতের সময় ও খরচ কমবে এবং সামুদ্রিক ও নৌপরিবহন খাতে এই অঞ্চলের তরুণদের অংশগ্রহণ বাড়বে বলে আশা করা হচ্ছে। শিক্ষাবিদ মণিক চন্দ্র বড়ুয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে সোনোয়াল কটন কলেজ প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা তুলে ধরেন এবং মুক্তচিন্তা ও জননেতৃত্ব বিকাশে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করেন। গণতন্ত্রে বিতর্কের গুরুত্ব তুলে ধরে তিনি শিক্ষার্থীদের যুক্তিনির্ভর বক্তব্য, পরস্পরের মতামতের প্রতি শ্রদ্ধা এবং মর্যাদাপূর্ণ মতবিরোধের চর্চা করার আহ্বান জানান। প্রতিযোগিতায় ভারত ও ভুটানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। কটন বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধিক ঐতিহ্য ধরে রাখার জন্য অংশগ্রহণকারী ও আয়োজকদের অভিনন্দন জানান সোনোয়াল।
