বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে উজান অসমের বন্যা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। জল কিছুটা কমলেও পরিস্থিতির উন্নতি হয়নি।
বন্যা বিধ্বস্ত একাধিক জেলা ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী। বন্যার্তদের খোঁজ নিলেন সাংসদ গৌরব গগৈও।
ফের শুরু হয়েছে অসম বিধানসভার বাজেট অধিবেশন। কিন্তু উজানের বন্যা পরিস্থিতি জটিল হওয়ার দরুন বাজেট অধিবেশন ছেড়ে বন্যার্তদের কাছে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা।
এদিন নাজিরা, সোনারি, টিয়কের বেশ কিছু বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ত্রাণ শিবিরে গিয়ে বন্যাক্রান্তদের সঙ্গে কথাও বলেন তিনি। সরকার সামর্থনুযায়ী মানুষকে সাহায্য করবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি স্বীকার করে নেন, এখনও বহু গ্রামে মানুষ জলের মধ্যে আবদ্ধ হয়ে আছেন। সরকার বা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের কাছে এখনও পৌছানো যায়নি। হেলিকপ্টারে উদ্ধারের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা সম্ভব হয়নি।
