জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। অসম ধীরে ধীরে বিদ্যুৎ উদ্বৃত্ত রাজ্যে পরিণত হওয়ার পথে এগোচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, বিদ্যুৎ পরিকাঠামো আরও শক্তিশালী করা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বড় অঙ্কের বিনিয়োগ করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, ২০৩৫ সালের মধ্যে অসমের জ্বালানি পরিকাঠামো উন্নয়নের জন্য ১৪,২০২ কোটি টাকার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে রাজ্যে ৬,২৩৫ কোটি টাকার চারটি বড় প্রকল্পের কাজ চলছে। তিনি লেখেন, “অসম ধীরে ধীরে বিদ্যুৎ উদ্বৃত্ত রাজ্যে পরিণত হচ্ছে।
১৪,২০২ কোটি টাকার জ্বালানি পরিকল্পনা এবং ৬,২৩৫ কোটি টাকার প্রকল্পের মাধ্যমে আমরা বিদ্যুৎ পরিকাঠামো আরও শক্তিশালী করছি, যাতে উন্নয়নের পাশাপাশি মানুষের জন্য নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়।” দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা ও পরিবেশবান্ধব উন্নয়নের পরিকল্পনার অংশ হিসেবে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য শক্তি প্রকল্পগুলিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
