মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজঘাট এলাকায় ব্যাপক শক্তি প্রদর্শন করলেন তিপ্রা মথা দলের প্রার্থী তথা বর্তমান ই. এম রুনিয়েল দেববর্মা।
১৪ বোধজংনগর-ওয়াকিনগর আসন থেকে পুনরায় প্রার্থী হওয়ার পর থেকেই এলাকাজুড়ে তাঁর সমর্থনে জনসমর্থনের ঢল নেমেছে। উল্লেখ্য, ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত ই. এম হিসেবে দায়িত্ব পালন করেছেন রুনিয়েল দেববর্মা। জনজাতি জনগণের উন্নয়নে তাঁর বিভিন্ন কাজের ফলেই এবারও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে মনে করছেন রাজনৈতিক মহল।
নিজের কেন্দ্রের রাজঘাট ভিসির অধীন ১ ও ২ নং পুলিশ স্টেশন এলাকায় বিশাল প্রচার মিছিলের আয়োজন করা হয়। মিছিলে হাজার হাজার সমর্থক নেচে-গেয়ে অংশগ্রহণ করেন, যা কার্যত এক শক্তি প্রদর্শনে পরিণত হয়। উপস্থিত ছিলেন তিপ্রা মথা লেফুঙ্গা ব্লক কমিটির সভাপতি সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।
