August 3, 2026
image (5)

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রোববার ডিব্রুগড় জেলার চাবুয়া, বালিজান, পুখুরিজান, দিনজান ও রোহমরিয়াসহ ভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।

পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট বিভাগগুলো জরুরি ভিত্তিতে ভাঙন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে স্থায়ী সমাধানের জন্য বৈজ্ঞানিক ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ অত্যন্ত প্রয়োজন। এ লক্ষ্যে শিগগিরই আইআইটি গুয়াহাটির (IIT-G) বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে কার্যকর ও টেকসই পরিকল্পনা গ্রহণ করা হবে।

তিনি বলেন, ব্রহ্মপুত্র নদের ভাঙন আসামের অন্যতম বড় ভৌগোলিক চ্যালেঞ্জ। প্রতি বছর নদীটি বিপুল পরিমাণ মূল্যবান ভূমি গ্রাস করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিশেষজ্ঞদের পরামর্শের মাধ্যমে নদীতীর সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিমন্ত বিশ্ব শর্মা জানান, ভাঙন প্রতিরোধে ৯০ কোটি রুপির একটি প্রকল্প ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগ জমা দিয়েছে, যা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ডিব্রুগড় সফরে তিনি কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের প্রয়াত বড় ভাই ও বিশিষ্ট সমাজসেবী প্রসাদ সোনোয়ালের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *