জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ঊনকোটি জেলায় হাম ও রুবেলার পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নজরদারি শুরু করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। জেলার দশ বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুদের হাম-রুবেলার টিকা প্রদান নিশ্চিত করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন।
ঊনকোটি জেলার সর্বশেষ হাম-রুবেলা পরিস্থিতি নিয়ে সম্মেলন করেন জেলাশাসক মেঘা জৈন। জেলাশাসকের চেম্বারে আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের যুগ্ম এমডি ডাঃ নুপুর দেববর্মা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ রণদ্বীপ সাহা এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপন ভট্টাচার্য।
জেলাশাসক জানান, বর্তমানে জেলার পরিস্থিতি স্থিতিশীল এবং নিয়ন্ত্রণে রয়েছে। তবে প্রতিবেশী দেশ বাংলাদেশের সংক্রমণের প্রভাব এবং সীমান্তবর্তী এলাকা হওয়ায় কোনও ধরনের ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। তিনি বলেন, এখনও কিছু শিশু টিকাকরণের আওতার বাইরে রয়েছে বলে চিহ্নিত করা হয়েছে।
