June 20, 2026
SIL 3

দক্ষিণ লেবাননে ঘোষিত সংঘর্ষবিরতির পরও পরিস্থিতি থিতু হয়নি। শনিবার ভোর পর্যন্ত দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইজরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে সূত্রের খবর। এ ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে।

জানা গিয়েছে, রাতভর নাবাতিয়া ও আশপাশের একাধিক এলাকায় বিমান হামলা ও ড্রোন হামলা চালায় ইজরায়েল। পাশাপাশি ভোরের আগে কামানের গোলাবর্ষণের অভিযোগও উঠেছে। এসব হামলায় বহু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে যুক্তরাষ্ট্র জানায়, শুক্রবার বিকেল ৪টা নাগাদ ইজরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। উভয় পক্ষই ওই চুক্তি নিশ্চিত করেছিল বলে দাবি করা হয়। তবে যুদ্ধবিরতির ঘোষণার পরপরই নতুন করে হামলার ঘটনায় চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনও তীব্র হয়েছে। ইরান অভিযোগ করেছে, যুদ্ধবিরতি কার্যকর রাখার দায়িত্ব যুক্তরাষ্ট্রকেই নিতে হবে এবং ইজরায়েল যাতে লেবাননে আর কোনো হামলা না চালায় তা নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ১৪ দফা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে দাবি করা হয়, যার অন্যতম লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে, বিশেষ করে লেবাননসহ বিভিন্ন অঞ্চলে সংঘাত কমানো এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা। তবে বর্তমান পরিস্থিতিতে সেই উদ্যোগ কার্যকর থাকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *