ভারতের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা সোমবার রাত থেকে গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দিরে শুরু হচ্ছে। দেবী কামাখ্যার বার্ষিক ঋতুচক্রকে কেন্দ্র করে আয়োজিত এই চার দিনের উৎসবে অংশ নিতে দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত, সাধু, তীর্থযাত্রী ও পর্যটক ইতোমধ্যে গুয়াহাটিতে পৌঁছেছেন।
মন্দির কর্তৃপক্ষের ধারণা, এবারের মেলায় আট লক্ষেরও বেশি মানুষ অংশ নেবেন। মেলা শুরুর আগেই নীলাচল পাহাড়ে প্রায় ২০ হাজার ভক্তের সমাগম হয়েছে। ধর্মীয় আচার অনুযায়ী মেলার সময় মন্দিরের মূল পূজা কার্যক্রম স্থগিত থাকবে এবং ২৬ জুন বিশেষ নিবৃত্তি অনুষ্ঠান ও দেবীর আনুষ্ঠানিক স্নানের পর মন্দির পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।
বিপুল সংখ্যক দর্শনার্থীর আগমনকে কেন্দ্র করে আসাম সরকার, জেলা প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, আবাসন, খাদ্য বিতরণ এবং জনসমাগম নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে গুয়াহাটিতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা ও নির্ধারিত পার্কিং ব্যবস্থাও চালু করা হয়েছে।
হিন্দুধর্মের অন্যতম পবিত্র শক্তিপীঠ হিসেবে পরিচিত কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা নারীত্ব, সৃজনশীল শক্তি ও উর্বরতার প্রতীক হিসেবে পালিত হয়। মন্দির পুনরায় খুলে দেওয়ার পর ভক্তদের মধ্যে পবিত্র ‘অঙ্গোদক’ ও ‘অঙ্গবস্ত্র’ বিতরণ করা হবে, যা অত্যন্ত শুভ ও পবিত্র হিসেবে বিবেচিত হয়।
