June 23, 2026
image (4)

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির প্রস্তাবিত অসম সফর বাতিল হতে পারে—এমন সংবাদ প্রকাশের পর রাজ্যজুড়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। যদিও ভারত সরকার, অসম সরকার কিংবা জাপান সরকারের পক্ষ থেকে সফরসূচিতে কোনো পরিবর্তনের বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবুও বিষয়টি নিয়ে শাসক বিজেপি ও বিরোধী কংগ্রেসের মধ্যে শুরু হয়েছে তর্ক-বিতর্ক।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের পার্লামেন্টের চলমান অধিবেশনসহ অভ্যন্তরীণ ব্যস্ততার কারণে তাকাইচির ভারত সফর শুধুমাত্র নয়াদিল্লিতে সীমাবদ্ধ থাকতে পারে। ফলে গুয়াহাটি সফরসূচি থেকে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সম্ভাব্য সফরকে সামনে রেখে গুয়াহাটিতে সৌন্দর্যায়নসহ বিভিন্ন প্রস্তুতি এখনো অব্যাহত রয়েছে।

বিজেপি বিধায়ক চক্রধর গগৈ এই সম্ভাব্য বাতিলকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, বিশ্বের অন্যতম উন্নত অর্থনীতির দেশের প্রধানমন্ত্রীর সফর অসমে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করতে পারত। তিনি দাবি করেন, এর আগেও ২০১৯ সালে তৎকালীন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের অসম সফর বাতিল হয়েছিল।

অন্যদিকে, বিরোধী দলনেতা ওয়াজিদ আলি চৌধুরী সফর বাতিলের সম্ভাবনাকে সাম্প্রতিক জুবিন গার্গের ম্যুরাল অপসারণ বিতর্কের সঙ্গে যুক্ত করার প্রচেষ্টা নাকচ করেছেন। তাঁর মতে, বিষয়টি ইতোমধ্যে মিটে গেছে এবং সফরসূচি পরিবর্তনের পেছনে অন্য কারণ থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *