June 22, 2026
SIL 2

জনপ্রিয় ওটিটি সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ প্রথম সিজন মুক্তির পর থেকেই দর্শকমনে বিশেষ জায়গা করে নিয়েছে। মনোজ বাজপেয়ীর অনবদ্য অভিনয়, শারিব হাশমীর সঙ্গে তাঁর রসায়ন এবং সিরিজটির অ্যাকশন-সাসপেন্স ও হালকা হাস্যরসের মিশ্রণ একে ভারতের অন্যতম সফল ওয়েব ফ্র্যাঞ্চাইজিতে পরিণত করেছে।

তবে সম্প্রতি সামনে এল এক চমকপ্রদ তথ্য। সিরিজটির অন্যতম নির্মাতা রাজ নিদিমোরু জানান, শুরুতে এই চরিত্রের জন্য মনোজ বাজপেয়ীকে ভাবাই হয়নি। তাঁর কথায়, “প্রথমে আমরা এই সিরিজটি তেলুগু সুপারস্টার চিরঞ্জীবীকে মাথায় রেখে পরিকল্পনা করেছিলাম। এমনকি এটি একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে তৈরি করার ভাবনাও ছিল।”

পরবর্তীতে নানা কারণে সেই পরিকল্পনায় পরিবর্তন আসে এবং প্রকল্পটি রূপ নেয় একটি ওয়েব সিরিজে, যেখানে মুখ্য চরিত্রে দেখা যায় মনোজ বাজপেয়ীকে। ২০১৯ সালে মুক্তির পর থেকেই ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওটিটি দুনিয়ায় ব্যাপক সাফল্য অর্জন করে। পরবর্তী সিজনগুলিতে সিরিজে যুক্ত হয়েছেন সমান্থা রুথ প্রভু, জয়দীপ আহলাওয়াত এবং নীমরত কৌরের মতো তারকারা।

সিরিজের ভবিষ্যৎ প্রসঙ্গে রাজ নিদিমোরু জানান, তৃতীয় সিজনের পরেও আরও বড় পরিকল্পনা রয়েছে। তাঁর মতে, গল্পটি এখানেই শেষ নয় এবং বর্তমানে চতুর্থ সিজনের কাজও শুরু হয়েছে। অন্যদিকে, প্রধান অভিনেতা মনোজ বাজপেয়ী সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে চতুর্থ সিজনের পরই সম্ভবত এই ফ্র্যাঞ্চাইজির সমাপ্তি ঘটতে পারে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রযোজকদের সঙ্গে চুক্তি চতুর্থ সিজন পর্যন্তই সীমাবদ্ধ। তবে ভবিষ্যতে গল্প ফিরিয়ে আনার সম্ভাবনা পুরোপুরি নাকচ করা যায় না। ফলে, ‘দ্য ফ্যামিলি ম্যান’ ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও, দর্শকদের আগ্রহ ও প্রত্যাশা এখনও তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *