অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি। অবৈধভাবে হয়েই চলেছে এই কার্য, তেলিয়ামুড়া মহকুমায় রান্নার গ্যাস ও পেট্রোলের তীব্র সংকট দেখা দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। তেলিয়ামুড়া শহরের বিভিন্ন গ্যাস এজেন্সি এবং মহারানীপুর পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন চোখে পড়ে।
প্রয়োজনীয় জ্বালানি ও গ্যাস সংগ্রহ করতে শয়ে শয়ে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। জানা গেছে, তেলিয়ামুড়া মহকুমার অধিকাংশ পেট্রোল পাম্পেই বর্তমানে জ্বালানির ঘাটতি চলছে। ফলে পেট্রোল সংগ্রহের জন্য সকাল থেকেই সাধারণ মানুষকে ভিড় জমাতে দেখা যায়। একই অবস্থা রান্নার গ্যাসের ক্ষেত্রেও।
গ্যাস সিলিন্ডার পাওয়ার আশায় বহু মানুষ ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে থাকেন। এই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, দীর্ঘদিন ধরেই জ্বালানি ও গ্যাস সরবরাহে অনিয়ম দেখা দিলেও সংকট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে জনসাধারণের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে।
