জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। শিক্ষা মেঘালয়ের অন্তর্ভুক্তিমূলক ও সামগ্রিক উন্নয়নের মূল ভিত্তি বলে মন্তব্য করলেন কনরাড কে. সাংমা। তাঁর বক্তব্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন তার সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছায়।
তুরায় নতুন পিএএসএফ -আবং নোগা কলেজ-এর ভবনের শিলান্যাস এবং কনফারেন্স হলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মেঘালয় বর্তমানে দেশের দ্রুততম বিকাশশীল অর্থনীতিগুলির অন্যতম। রাজ্যের নামমাত্র স্থূল রাজ্য অভ্যন্তরীণ উৎপাদন (জিএসডিপি) বৃদ্ধির হার ১৫ শতাংশেরও বেশি।
তিনি বলেন, “প্রকৃত উন্নয়ন মানে সামগ্রিক উন্নয়ন।” পাশাপাশি তিনি জানান, শিক্ষা, যুবসমাজ, মহিলা ও কৃষকদের উন্নয়নে সরকার বড় অঙ্কের বিনিয়োগ করছে, যাতে রাজ্যের সর্বস্তরে ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত করা যায়। তিনি জানান, প্রায় ২৩ হাজার এসএসএ এবং অ্যাড-হক শিক্ষকদের জন্য একটি নির্দিষ্ট বেতন কাঠামো চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পে প্রতি বছর প্রায় ৮০০ কোটি টাকা ব্যয় হবে।
